ঈদের পর কমেছে ডিম ও আদার দাম। প্রতি ডজন ডিমের দাম ১০ টাকা এবং কেজি প্রতি আদার দাম ৪০ টাকা পর্যন্ত কমেছে। তবে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। প্রতি কেজি আলুতে সাত টাকা ও প্রতি কেজি পেঁয়াজে পাঁচ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, চাহিদা বাড়ার কারণে ঈদের আগে ডিম ও আদার দাম বেড়ে যায়। তবে ঈদের পর এখন চাহিদা কিছুটা কমায় এখন দাম কমছে। ডিমের দাম না কমলেও সামনে আদার দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
পেঁয়াজ ও আলুর দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা জানান, আলু ও পেঁয়াজ উঠেছে অনেক দিন আগেই। এখন বেশিরভাগ পেঁয়াজ ও আলু কোল্ড স্টোরে (মজুত) চলে গেছে। এ কারণে দাম বাড়তি।
জানা যায়, এখন ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা, যা ঈদের আগের দিন ছিল ১০০ থেকে ১০৫ টাকা। আর রোজার মধ্যে ছিল ৭৫ থেকে ৮০ টাকা।
ঈদের আগে অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল আদার দাম। এবার তা কিছুটা কমেছে। দাম কমে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে আদা। যা ঈদের আগের দিন ছিল ২০০ থেকে ২২০ টাকা কেজি।
এদিকে বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। যা ঈদের আগে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। অন্যদিকে ২২ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হওয়া আলুর দাম বেড়ে ২৮ থেকে ৩২ টাকা হয়েছে।
আনন্দবাজার/টি এস পি








