মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন। হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনে ট্রাম্প ও বাইডেনের পরে সর্বোচ্চ ভোট পেয়েছেন লিবার্টেরিয়ান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো জরগেনসেন। ইতোমধ্যে এবারের নির্বাচনে ১.২ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
জো জারগেনসেন প্রায় ১৬ লাখ ভোট পেয়েছেন। যা কিনা ট্রাম্প বা বাইডেনের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারত।
৬৩ বছর বয়সী জরগেনসেন সাউথ ক্যারোলাইনার ক্লেমসন বিশ্ববিদ্যালয়ে মনোবিদ্যার অধ্যাপক। তিনি রাজনীতির ময়দানে নতুন নন। ১৯৯২ সালে সাউথ ক্যারোলাইনা থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন লিবার্টেরিয়ান দলের সমর্থক জরগেনসেন। এরপর ১৯৯৬ সালে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভোটে লড়েন তিনি।
এবারের নির্বাচনে একটিও ইলেকটোরাল ভোট পাননি জরগেনসেন। তবে উইসকনসিন, মিশিগান এবং নেভাডার মতো গুরুত্বপূর্ণ প্রদেশে পপুলার ভোটের সংখ্যাও কম নয় তার। তিন প্রদেশেই বাইডেন এবং ট্রাম্পের মধ্যে যে ভোটের যে পার্থক্য রয়েছে, তার থেকেও বেশি ভোট পেয়েছেন জরগেনসেন। জর্জিয়ায় তিনি পেয়েছেন ১.২ শতাংশ ভোট। আলাস্কা এবং নর্থ ডাকোটায় ২.৭ শতাংশ এবং সাউথ ডাকোটায় ২.৬ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
আনন্দবাজার/টি এস পি








