বলিউড অভিনেতা শাহরুখ খান বেশ কয়েকদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে খুব শীঘ্রই কিং খানকে করণ জোহরের আগামী ছবিতে দেখা যাবে। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির অভিনীত ছবি ‘শেরশাহ’তে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করবেন তিনি। জানা যায়, ১৯৯৯-এ কারগিল যুদ্ধে শহীদ ২৪ বছরের ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।
সূত্র জানিয়েছে, কার্গিলের নায়কের এই বায়োপিকে সিদ্ধার্থ মালহোত্রা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। বিক্রম বাত্রার বাগদত্তা ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদবানি। এদিকে ছবিতে শাহরুখ খানের চরিত্রটি ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র।
আরও জানা যায়, শাহরুখ খান এমন একটি চরিত্রে অভিনয় করবেন যিনি বিক্রম বাত্রার জীবনে এক নতুন বাঁক এনে দেবেন। এর আগে শাহরুখ খানকে শেষবার ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল। আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। যদিও জিরো ছবিটি বক্স অফিসের নিরিখে ‘জিরো’ পেয়েছিল।
আনন্দবাজার/শাহী








