চলতি মৌসুমে বগুড়ার ধুনটে সরকারি গুদামে ন্যায্যমূল্যে আমন ধান ক্রয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে খাদ্য বিভাগ। খাদ্য গুদামে ধারণক্ষমতা না থাকার কারণে রোববার কৃষকের কাছ থেকে ধান ক্রয় বন্ধ করে দেয়া হয়। এতে করে তালিকাভুক্ত প্রায় ৮৮৬ জন কৃষক গুদামে ধান বিক্রি করতে না পেরে পড়েছেন চরম বিপাকে।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, ধুনট ও গোসাইবাড়ি সরকারি খাদ্য গুদামে ১ হাজার ৫০০ মেট্রিক টন করে খাদ্যশষ্য মজুদের ধারণক্ষমতা রয়েছে। চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয়ের জন্য গুদামের অনুকূলে ১ হাজার ৭৭০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তন্মধ্যে ধুনট খাদ্য গুদামে ১ হাজার ৯৬ মেট্রিক টন এবং গোসাইবাড়ি খাদ্য গুদামে ৬৭৪ মেট্রিক টন।
উপজেলার ২৫ হাজার কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ১ হাজার ৭৭০ কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে প্রতি কেজি আমন ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয় ২৬ টাকা। এতে প্রত্যেক কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে আমন ধান ক্রয়ের সিদ্ধান্ত মোতাবেক ৯ ডিসেম্বর ধান ক্রয়ের উদ্বোধন করা হয়। যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত ধুনট খাদ্য গুদামে ১ হাজার ৯৬ মেট্রিন টনের মধ্যে মাত্র ২১০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এরই মধ্যে ধুনট খাদ্য গুদামে জায়গার অভাবে ৮৮৬ মেট্রিন টন ধান ক্রয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে খাদ্য বিভাগ। আবার বৈরি আবহাওয়ার কারণে কৃষক গোসাইবাড়ি গুদামেও ধান বিক্রি করতে পারছে না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সেকেন্দার রবিউল ইসলাম জানান, ধুনট খাদ্য গুদামে জায়গা স্বল্পতার কারণে ধান ক্রয় সাময়িকভাবে বন্ধ রয়েছে। তিনি জানান, খাদ্য গুদামে প্রয়োজনীয় জায়গা খালি করে নির্ধারিত সময়ের মধ্যেই কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে।
আনন্দবাজার/শাহী







