চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও ড্রাই টোব্যাকোসহ এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট। আটক যাত্রী হারুন রশিদ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এসেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী। এসময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৪টি কার্টনে ৮ লাখ ৮০ হাজার শলাকা (পিস) সিগারেট ও ৪০ পিস ড্রাই টোবাকো জব্দ করা হয়। এর মাধ্যমে ১৩ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার জি-৯৫২২ নামের একটি ফ্লাইট সারজাহ থেকে আসে। এসময় নিয়ম অনুযায়ী যাত্রীদের লাগেজ স্ক্যানিং করার সময় যাত্রী হারুনুর রশীদের ব্যাগে ৪ কার্টনে ৮ লাখ ৪০ হাজার শলাকা ইজিব্র্যান্ডের সিগারেট ও ২৫০ পিস ড্রাই টোবাকো জব্দ করা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী বলেন, পণ্যচালানটিতে শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য ও উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য অর্থাৎ সিগারেট বা ড্রাই টোবাকো বে-আইনিভাবে বহন করে প্রায় ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন মোতাবেক জব্দ করা সিগারেট ও ড্রাই টোবাকো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।







