বছরের এই সময়ে বাজারে নতুন মৌসুমের আদায় বাজার ভরতি থাকার কথা থাকলেও এই বছর দেখা যাচ্ছে ভিন্নচিত্র। এইবার বাজারে আদার সরবরাহ নেই বললেই চলে। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গত চার-পাঁচ মাস ধরে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়। আমদানিনির্ভরতা বেড়ে যাওয়ায় বাজারে পণ্যটির সাময়িক সরবরাহ সংকট তৈরি হওয়ায় দাম বেড়েছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জ পাইকারি বাজার ঘুরে দেখা যায়, চীন থেকে আমদানি করা প্রতি কেজি আদা মানভেদে ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েক মাস ধরে পণ্যটির দাম কেজিপ্রতি ১২০-১৫০ টাকায় ওঠানামা করেছে। ভারতের কেরালা রাজ্য থেকে আমদানি করা আদা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০-১৪০ টাকায়। এদিকে সরবরাহ কম থাকলেও অপেক্ষাকৃত কম দামে বিক্রি হচ্ছে দেশে উৎপাদিত আদা। খাতুনগঞ্জে বর্তমানে দেশে উৎপাদিত আদা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯০-১০০ টাকায়।
খাতুনগঞ্জের মসলা ব্যবসায়ী মেসার্স রাউজান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সাইদুল ইসলাম বলেন, প্রতি বছর এ সময়ে পাহাড়ি আদা এখানকার পাইকারি বাজারে আসে। ফলে পাইকারি বাজারে আদা কেজিপ্রতি ৪০ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকার মধ্যে বিক্রি হয়। কিন্তু এবারের মৌসুমে বাজারে আদার সরবরাহ উল্লেখযোগ্যহারে কমেছে। ফলে ভরা মৌসুমেও পণ্যটির দাম ক্রমেই বাড়তে শুরু করেছে।
উল্লেখ্য, দেশে প্রতি বছর প্রায় ৬০ হাজার টন আদা উৎপাদন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় তিন পার্বত্য জেলাসহ পুরো চট্টগ্রাম অঞ্চলে।
আনন্দবাজার/জায়েদ








