প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য টানা ৬৬ দিন বন্ধ ছিল পুঁজিবাজার। পুঁজিবাজারে ফের লেনদেন শুরু হয়েছে ৩১ মে থেকে। কিন্তু বাজারে ক্রেতা-বিক্রেতার অংশগ্রহণ কম থাকায় লেনদেনে গতি পাচ্ছে না। বিগত ১৩ বছরের মধ্যে গতকাল সর্বনিম্ন লেনদেন হয়েছে। ২০০৭ সালের ২৪ এপ্রিলের পর এমন কম লেনদেন হলো পুঁজিবাজারে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকে উত্থান হলেও পরদিন থেকে পতনের মুখে পড়েছে পুঁজিবাজার। কিন্তু বড় উত্থান-পতন নেই কারণ শেয়ারের দামে ফ্লোর বা নির্দিষ্ট প্রাইস বেঁধে দেওয়া হয়েছে। তবে বাড়ছে না লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ পয়েন্ট সূচক কমেছে গতকাল। আর লেনদেন মাত্র ৪২ কোটি ৯৭ লাখ টাকা, যা ১৩ বছর এক মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন। ২০০৭ সালের ২৪ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৩৯ লাখ টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৩৭ পয়েন্টে। লেনদেন হয়েছে চার কোটি ৫৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯টির, দাম কমেছে ১৯টির আর ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।
আনন্দবাজার/এস.কে








