মানুষের সাথে মানুষের শক্রতার জেরে প্রাণ গেল মাছের। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় প্রতিপক্ষরা ৫ বিঘার একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৬ লাখ টাকার মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া যায়। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুকুর মালিক আব্দুল মান্নান বাদী হয়ে প্রতিপক্ষ একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী বিশুর ৬ ছেলে, মোজাহিদ, রউফ, আব্দুল হাই, শফিকুল, সাইদুল, মোমিনসহ মোট ১১ জনের নামে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাপিলা ইউনিয়নের খামার পাথুরিয়া গ্রামের মৃত সায়েত আলীর ছেলে আব্দুল মান্নান তার নিজস্ব ৫ বিঘার একটি পুকুরে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছে। এই মাছগুলো আর কিছুদিন পরেই তিনি বিক্রি করতেন। তবে গতকাল রাত ৩টার দিকে পুকুরে বিষ প্রয়োগের ফলে সকালে সব মাছ মরে ভেসে ওঠে।
অভিযুক্ত মোজাহিদ ইসলাম বলেন, মাছ নিধনের বিষয়ে আমরা কিছুই জানা নেই। এমন ধরনের কাজ আমরা কখনোই করি নাই। এই অভিযোগটি ভিত্তিহীন।
আনন্দবাজার/এম.কে








