আবারও বড় পর্দায় একসাথে দেখা যাবে সালমান-ক্যাটরিনা জুটিকে। আসছে বছরে তারা জুটি হয়ে আসছেন 'টাইগার থ্রি' ছবিতে। এর আগে ‘টাইগার’ সিরিজের ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে পর্দা মাতাতে দেখা গেছে জনপ্রিয় এই তারকাদের। এবারের ছবিটি পরিচালনা করছেন মনীশ শর্মা।
সালমানের সঙ্গে আবারও জুটি হয়ে কাজ করা প্রসঙ্গে ভারতের গণমাধ্যমে ক্যাটরিনা জানিয়েছেন, 'টাইগার' ছবির 'জোয়া' অন্যসব চরিত্র থেকে আলাদা। আশা করছি, এবারের ছবিটিও ভালো হবে।
শাহরুখ খানের নতুন ছবি 'পাঠান'-এর দৃশ্যায়ন শেষ হলেই 'টাইগার থ্রি' ছবির কাজ শুরু করবেন পরিচালক মনীশ। শাহরুখের এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান, যেকারণে তার ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী বছরের মার্চে 'টাইগার থ্রি' ছবির দৃশ্যধারণ শুরু হবে।
'টাইগার' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই ছবিটির দৃশ্যধারণ তিনটি ধাপে হবে। শুটিং হবে মুম্বাই ও মধ্যপ্রাচ্যে। ছবির প্রথম এবং শেষ ভাগের চিত্রায়ণ হবে মুম্বাইতে আর মাঝের কিছু অংশের চিত্রায়ণ হবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে।
আনন্দবাজার/ডব্লিউ এস








