জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ২ হাজার ৫২৮ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ৬ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছে। শনিবার সকাল থেকে রোববার ভোর পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন থেকে এসব জরিমানা আদায় করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাকশী, খুলনা, রাজবাড়ী, শান্তাহার ও জেআরআই পার্বতীপুর, রাজশাহী রুট থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) ৭৬৩-৭৬৪ নম্বর চিত্রাএক্সপ্রেস ট্রেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) পদ্মা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ২ হাজার ৫২৮ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৩ লাখ ৫১ হাজার ৩৪০ টাকা ও জরিমানা ১ লাখ ৯৭ হাজার ৪১০ টাকা আদায় করা হয়।
তিনি আরও বলেন, স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের জরিমানা করা হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পাকশী বিভাগীয় পশ্চিম রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুরুল আলমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন টিটিইএসআরআই মো. আব্দুল মাবুদ, জুনিয়র টিটি মোহাম্মদ বরকতুল্লাহ আলামিন, জুনিয়র টিটি মো. আব্দুল আলিম বিশ্বাসসহ পশ্চিম রেলওয়ের ভ্রাম্যমাণ দলের সদস্যরা।
আনন্দবাজার/এম.আর








