হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুজাতা। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে আছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিংবদন্তি অভিনেত্রী সুজাতা ম্যাডাম হার্ট অ্যাটাক করে বর্তমানে সিসিইউতে ভর্তি আছেন। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
জানা গেছে, ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ ছবির জন্য রাতারাতি তিনি জনপ্রিয়তা পান। মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। তার নাম তন্দ্রা মজুমদার। পরিচালক সালাহউদ্দিন তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি ‘রূপবান’ হয়েই আছেন দর্শকের হৃদয়ে।
চলচ্চিত্র অভিনয়ের যাত্রা শুরু করেন ১৯৬৩ সালে সালাউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’র মাধ্যমে। ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন নায়িকা সুজাতা। মাঝে এক যুগেরও বেশি সময় দূরে ছিলেন বড় পর্দা থেকে।
সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘রূপবান’, ‘কাঞ্চনমালা’, ‘অপরাজেয়’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘আগুন নিয়ে খেলা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘প্রতিনিধি’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’ ইত্যাদি।
উল্লেখ্য, চলচ্চিত্রে অবদান রাখার নানা পুরস্কারের পাশাপাশি তিনি পেয়েছেন আজীবন সম্মাননা।
আনন্দবাজার/এইচ এস কে








