টিপু হত্যাকাণ্ড--
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার অন্যতম সন্দেহভাজন সুমন শিকদার মুসাকে ওমান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম হয়ে তাকে ঢাকায় আনা হয়। যদিও খারাপ আবহাওয়ায় বিমানটি নামতে না পেরে আবারও চট্টগ্রামে ফিরে গেছে।
আবহাওয়া ভালো হলেই মুসাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এনসিবি ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম।
কূটনৈতিক সমঝোতার মাধ্যমে মুসাকে দেশে ফিরিয়ে আনতে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান, অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম এবং পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীন ওমানে গিয়েছিলেন। গত বুধবার রাতে তারা মুসাকে নিয়ে দেশের পথে রওনা হন।
টিপু এবং প্রীতি হত্যাকাণ্ডের মামলার তদন্তে মুসার নাম আসার পর তাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশের পুলিশ। এর ভিত্তিতে ইন্টারপোল ১২ মে ওমানে গ্রেপ্তার করে মুসাকে।
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু সড়কে গাড়িতে থাকা অবস্থায় গত ২৪ মার্চ রাতে খিলগাঁও রেলগেইটের কাছে আক্রান্ত হন। মোটর সাইকেলে আসা এক ব্যক্তি যানজটে আটকে পড়া টিপুর গাড়ির কাছে এসে তাকে গুলি করে। সে সময় গাড়ির পাশে রিকশার আরোহী কলেজছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। হাসপাতালে নিলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।








