মালবাহী ট্রেনের চাপায় ভারতের ১৫ জন পরিযায়ী শ্রমিক মারা গেছেন। শুক্রবার ভোর পাঁচটার দিকে ভারতের মহারাষ্ট্রে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। তবে নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে জানা যায়।
জানা যায়, ওই পরিযায়ী শ্রমিকরা রেল লাইন দিয়ে হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন। রাস্তায় ক্লান্ত হয়ে পড়লে ঔরঙ্গাবাদের কারমাড থানা এলাকায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েন তারা। পরবর্তীতে একটি মালগাড়ি তাদের ওপর দিয়ে চলে যায়। খবর পেয়ে সকাল ৬টার দিকে আরপিএফ ও পুলিশ রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়।
দক্ষিণ মধ্য রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা জানান, ঔরঙ্গাবাদের কারমাডে মালগাড়ির খালি রেক কয়েকজন লোকের উপর দিয়ে চলে গেছে। আহতদের চিকিৎসার জন্য ঔরঙ্গাবাদ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
লকডাউনে বিভিন্ন রাজ্যে অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য চালু করা হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। তার পরেও অনেকেই হেঁটে বা সাইকেলে চড়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। এতে কয়েকজন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সূত্র: খবর এনআই’র
আনন্দবাজার/রনি








