করোনার প্রভাবে সারাদেশ কার্যত অচল হয়ে পড়ায় সবজি উৎপাদনের জন্য খ্যাত রংপুর অঞ্চলে কাঁচা তরিতরকারি ও সবজি বাজারে বড় ধরনের ধস নেমেছে। কৃষকরা ন্যায্য মূল্য তো পাচ্ছেনই না তার উপর পানির দামে বিক্রি করতে হচ্ছে উৎপাদিত পণ্য। এ কারণে দিশেহারা হয়ে পড়েছে তারা। এমন অবস্থায় রংপুর সদর উপজেলার পালিচড়া গ্রামের কৃষক বিপ্লব কুমার নিজের উৎপাদিত ২২ মণ সবজি দিয়েছেন করোনার প্রভাবে দিশেহারা অসহায় মানুষের সাহায্যের জন্য।
কৃষক বিপ্লব কুমার বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। ঠিক মতো খেতে পারছে না তারা। এই অসহায় মানুষদের কথা ভেবে আমি ক্ষেতের সবজি ‘উই ফর দেম’ নামের একটি সংগঠনকে দিয়েছি। তারা এই ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব নিয়েছেন।
উই ফর দেম এর প্রতিষ্ঠাতা জীবন ঘোষ জানান, আমাদের একটু কষ্টের ফলে যদি কিছু মানুষের পেট ভরে তাহলে সেটা মটেও মন্দ হচ্ছে না। সেই চেষ্টাই করছি আমরা। দ্রুতই বিপ্লব কুমারের দেওয়া ২২ মণ সবজি অসহায় মানুষদের মধ্যে বিতরণ করবো আমরা। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়ে আসা পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আনন্দবাজার/এস.কে








