সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত কাজের পাউবো’র বেঁধে দেওয়া সময়সীমার আটদিন পেরিয়ে গেলেও এখনো অর্ধেক কাজও সম্পন্ন করতে পারেননি স্থানীয় কৃষকদের সমন্বয়ে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)।
উপজেলা কাবিটা মনিটরিং ও বাস্তবায়ন কমিটি দাবি করছে, বাঁধ মেরামত কাজে পিআইসিরা এ পর্যন্ত প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন করেছেন। কিন্তু বাস্তবে বাঁধের ৭০ ভাগ কাজও এখনো সম্পন্ন করা হয়নি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, এবার চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৮টি হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত কাজে পাউবো’র অধীনে স্থানীয় কৃষকদের সমন্বয়ে ১৭৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়।
এর বিপরীতে পাউবো থেকে ৩৪ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এবং গত বছরের ১৫ ডিসেম্বর থেকে ওইসব প্রকল্পের কাজ শুরু করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা সম্পন্ন করার জন্য পিআইসি কমিটিকে সময়সীমা বেঁধে দেয় পাউবো।
কিন্তু বাঁধ মেরামত কাজের পাউবো’র বেঁধে দেওয়া সময়সীমার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো ৭০ ভাগ কাজও সম্পন্ন করতে পারেনি পিআইসিরা। আর এ জন্য কাজের তদারকির দায়িত্বে থাকা পাউবো’র কর্মকর্তাদেরই দায়ি করে আসছেন স্থানীয় কৃষকরা।
এছাড়াও পাউবো’র অধীনে গঠিত পিআইসি কমিটিগুলোতে স্থানীয় কৃষকদের অগ্রাধীকার ভিত্তিতে সম্পৃক্ত করার ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম করার অভিযোগ রয়েছে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে। হাওরে জমি নেই এমন লোকদের দিয়ে পিআইসি কমিটি গঠন করার ফলেই কাজে এমন গাফিলতি করা হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
উপজেলার গুরমা হাওরের ৮৯ নম্বর প্রকল্পের প্রকল্প সভাপতি রুপন সরকার বলেন, আমার প্রকল্পে মাটি কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। এখন শুধু মাটি বসানোর কাজসহ আনুসাঙ্গীক কিছু কাজ বাকি রয়েছে। তবে আগামী ৩-৪ দিনের মধ্যে সাকুল্য কাজ সম্পন্ন করা হবে বলে আমি আশাবাদি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও কাবিটা মনিটরিং ও বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. সবিবুর রহমান বলেন, বিভিন্ন এলাকায় পানি দেরিতে নামার কারণে কাজেও দেরি হচ্ছে। গত শনিবার পর্যন্ত প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন করে মাটি ভরাটের পাশাপাশি বাঁধের কম্পেকশন ও ঘাস লাগানোর কাজও চলছে। কোথাও অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আনন্দবাজার/এম.কে








