সাধারণ ছুটি বাড়িয়ে ১১ এপ্রিল করা হলেও পোশাক কারখানার শ্রমিকদের ছুটি বাড়ানো হবে না। পোশাক কারখানার মালিকদের সংগঠন বলছে, প্রথম দফার সাধারণ ছুটির মেয়াদ শেষ হলে আগামী ৫ এপ্রিল থেকেই কারখানা খুলতে শুরু করবে।
সংশ্লিষ্টরা বলছেন, ছুটি ঘোষণা করায় পোশাক শ্রমিকদের বড় একটি অংশই গ্রামের বাড়িতে চলে গেছেন। এদিকে বন্ধ রয়েছে যানবাহন। ফলে ৫ এপ্রিল কারখানা খুললে কাজে ফিরতে বেগ পোহাতে হবে পোশাক শ্রমিকদের।
পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক জানান, আমরা ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলাম। এর পর থেকে কারখানাগুলো চালু হবে।
দেশের নিট গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম জানান, আমরা নতুন করে ছুটির সময় বাড়াবো না। যাদের কাজ আছে, তারা কারখানা খুলবে। আর যাদের কাজ নেই, তাদের কারখানা তো বন্ধই থাকবে। তাছাড়া সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে কলকারখানা চলবে।
আনন্দবাজার/শহক








