আফ্রিকার দেশ লিবিয়ায় অর্থনীতিতে ধস ও দুর্নীতির প্রতিবাদে রাজধানী ত্রিপোলিতে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ-সমাবেশ চলছে। রাজপথে চলমান এই বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগে শুক্রবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাঘাকে বরখাস্ত করেছে দেশটির সরকার।
সাম্প্রতিক সময়ে লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতির সম্পর্ক বেশ তিক্ত হয়ে উঠেছে। এর মধ্যেই ফাতিকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে ত্রিপোলি ভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডের (জিএনএ) বিবৃতিতে বলা হয়, বাশাঘাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও বিক্ষোভ নিয়ে তার বক্তব্য ও ত্রিপোলিসহ অন্য শহরে বিক্ষেভাকারীদের ওপর অজ্ঞাত বন্দুকধারীদের গুলি বর্ষণের ঘটনায় তদন্তের মুখোমুখি করা হবে তাকে।
আল-সারাজ বলেন, ৭২ ঘণ্টার মধ্যে জিএনএ’র নেতৃত্বে গঠিত কমিটি বাঘাশার তদন্ত করা হবে। উপমন্ত্রী খালিদ আহমেদ মাজেন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন বলে জানান তিনি।
অপরদিকে এক বিবৃতিতে বাশাঘা জানায়, তিনি তদন্তে সহায়তা করতে প্রস্তুত আছেন। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে তা টেলিভিশনে প্রচারের দাবি জানিয়েছেন তিনি।
আনন্দবাজার/এম.কে








