লাদাখ সীমান্তে ভারত-চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর সিকিমের পর্বতশৃঙ্গের সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ধ্বস্তাধ্বস্তির একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, উভয় পক্ষ শক্তি প্রয়োগ করে একে অপরকে হটিয়ে দেয়ার চেষ্টা করছেন।
প্রায় পাঁচ মিনিটের বেশি সময় ধরে চলা ওই ভিডিও দৃশ্যটি প্রকাশ করেছে ভারতীয় এক টেলিভিশন চ্যানেল। ভিডিওতে ভারত ও চীন উভয় পক্ষের সেনাদের উচ্চস্বরে কথা বলতে শোনা গেছে। এসময় তারা বলছিল, ‘ফিরে যাও’ (গো ব্যাক) এবং ‘লড়াই করো না’ (ডোন্ট ফাইট)। সীমান্তে তুষার ঢাকা উপত্যকায় এই ঘটনা ঘটেছে।
তবে টেলিভিশন চ্যানেলটি বলছে, বেশ কিছুক্ষণ ধরে এই লড়াই চলার পর তা শেষ হয়। তবে ওই ভিডিওচিত্রটি কবে ধারণ করা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। কিন্তু এই ভিডিওটি এমন এক সময়ে প্রকাশ্যে এলো যখন গালওয়ান উপত্যকার ওই সংঘাত নিয়ে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বৈঠক করছেন।
আনন্দবাজার/শহক








