করোনার দাপটে কাঁপছে পুরো দুনিয়া। প্রতিদিন সারা বিশ্বে হাজার হাজার মানুষ মারা পড়ছেন। এমন পরিস্থিতিতে বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজনের মধ্যে একটি শিশু খেতে পাচ্ছে না। একটি সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ব্রুকিং ইনস্টিটিউশনের সমীক্ষায় এও বলা হয়েছে মোট জনসংখ্যার ১৭ দশমিক ৪ শতাংশ মা এবং তাদের ১২ বছরের কম বয়সী ছেলেমেয়েরা অর্থের অভাবে পর্যাপ্ত দৈনিক চাহিদা মতো খাবার পাচ্ছেন না। সমীক্ষায় দেখা যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য তো মিলছেই না তার সঙ্গে কোনো কোনো ঘরে শিশুরা একবেলা খেয়েই দিন পার করছে।
গবেষণা দলের প্রধান লওরেন বউর জানিয়েছেন, ঘরে ঘরে খাদ্যসঙ্কট ২০১৮ সালের তুলনায় ১৩০ শতাংশ বেড়েছে। সমীক্ষায় যে তথ্য হাতে মিলেছে তা থেকে স্পষ্ট, ২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কটের থেকেও খারাপ পরিস্থিতি বিরাজ করছে এখন।
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের কারণে কাজ হারিয়েছেন প্রায় তিন কোটি মানুষ। যার কারণে বাড়িতে নেই পর্যাপ্ত খাদ্যের জোগান। ফলে অনাহারেই পার করতে হচ্ছে দিন। কেউ কেউ আবার একবেলা খেয়েই দিন কাটাচ্ছেন। তাই গবেষণা দলের প্রধান লওরেন বউর এরই মধ্যে প্রশাসনকে এই বিষয়ে ব্যবস্থা নিয়ে খাদ্য সংকট কাটানোর দিকে নজর দিতে অনুরোধ জানিয়েছেন।








