হংকংয়ে ফের বেড়েছে মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব। আজ শুক্রবার নতুন করে ৩২ জন কোভিড-১৯ রোগী শনাক্তের পর শহরে নতুন করে কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা করছে হংকং কর্তৃপক্ষ। এ কারণে সোমবার থেকে শহরের সকল স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার শহরটির ৩৪ টি স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে। এরপরেই নতুন করে আবার সংক্রমণের তথ্য পাওয়া গেছে। বৈশ্বিক মহামারি এ ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের খবর এটাই।
হংকংয়ে যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিলো, এখন সেসব নিষেধাজ্ঞা পুনরায় জারি করা হয়েছে। চার মাস অনলাইনে ক্লাস করার পরে মে মাসের শেষের দিকে স্কুলগুলো ফের চালু করেছিল হংকংয়ের শিক্ষা ব্যুরো।
তবে শুক্রবার এক বিবৃতিতে হংকংয়ের শিক্ষাবিষয়ক সচিব কেভিন ইয়েং জানান, আগামী সোমবার থেকে সকল স্কুলে গ্রীষ্মের ছুটি শুরু হবে। নতুন সংক্রমণের ফলে আবারো সামাজিক নিষেধাজ্ঞাগুলো কঠোর করছে হংকং।
আনন্দবাজার/এম.কে








