ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘চলচ্চিত্র পাঠ’ ও ‘চলচ্চিত্র প্রযোজনা’ কর্মশালা। সেপ্টেম্বরের ১১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত চারদিন ব্যাপী ‘চলচ্চিত্র পাঠ’ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
মূলত শিল্প হিসেবে চলচ্চিত্র অনুধাবনের পাশাপাশি অন্যান্য শিল্পমাধ্যমের সাথে চলচ্চিত্রের সম্পর্ক, চলচ্চিত্রভাষা, চলচ্চিত্র বিশ্লেষণসহ দর্শন, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, মনোবিজ্ঞান, বিশ্ব তত্ত্বের আলোকে চলচ্চিত্রকে বুঝার প্রয়াস এই কর্মশালা। সাথে থাকবে সত্যজিৎ রায়ের চারুলতা ও ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা চলচ্চিত্র দুটির দৃশ্যতাত্ত্বিক বিশ্লেষণ।
কর্মশালাটি পরিচালনা করবেন চলচ্চিত্র তাত্ত্বিক, সমালোচক, লেখক ও শিক্ষক অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। তিনি দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডি বিভাগের বিভাগীয় প্রধানের দ্বায়িত্ব পালনের পাশাপাশি কলকাতার বিখ্যাত চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান রূপকলা কেন্দ্র এর প্রতিষ্ঠাকালীন পরিচালক ও প্রধান নির্বাহী ছিলেন।
এদিকে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ছয়দিন ব্যাপী ‘চলচ্চিত্র প্রযোজনা’ কর্মশালাটি অনুষ্ঠিত হবে। মূলত চলচ্চিত্র প্রযোজনার শৈল্পীক ও কৌশলগত দিকগুলো নিয়ে আলোকপাত করা হবে এতে। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি চলচ্চিত্রের বাণিজ্যিক ব্যবস্থাপনা তথা ফিল্মফিনান্সিং, চলচ্চিত্র চুক্তিপত্র, শুটিং ব্যবস্থাপনাসহ আন্তর্জাতিক প্রযোজনা কৌশলগুলো নিয়ে বিষদ আলোচনা ও দিকনির্দেশনা থাকবে।
এই কর্মশালাটি পরিচালনা করবেন উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র ও বর্তমান চলচ্চিত্র প্রযোজনা বিভাগের শিক্ষক ও ব্যবস্থাপক অমিতাভ দাস।
কর্মশালাটি আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে চলচ্চিত্র বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম আমাদের সিনেমা ডটকম।
আনন্দবাজার/ডব্লিউ এস








