পাকিস্তানের চর সন্দেহে ভারতে আটক কবুতরটি একটি সাধারণ কবুতর বলে দাবি করলেন পাকিস্তানের এক কৃষক। কবুতরটি ফেরত চেয়েছেন তার মালিক দাবিদার ঐ ব্যক্তি। সীমান্ত থেকে মাত্র ৪ কিলোমিটার ভেতরে বসবাস করা ওই পাকিস্তানি দাবি করেছেন, তার কবুতরটি ঈদ উদযাপন করতে ভারতে গিয়েছিল!
ভারতীয় পুলিশ বলছে, কবুতরের পায়ে রিং পরা ছিল। এটির গায়ের একটি কোড লেখা আছে। তারা সেটির অর্থ উদ্ধারের চেষ্টা করছেন। মালিক দাবিদার ওই পাকিস্তানি অবশ্য বলছেন, এটি কোড নয় তার মোবাইল নম্বর।
পাকিস্তানের পত্রিকা ডন জানিয়েছে, ওই ব্যক্তির নাম হাবিবুল্লাহ। তার ডজনখানেক কবুতর আছে। হাবিবুল্লাহ ডনকে দেয়া সাক্ষাতকারে বলেন, ওই কবুতর ছিল শান্তির প্রতীক। একটি অবলা নিষ্পাপ পাখিকে এভাবে হেনস্থা থেকে ভারতের বিরত থাকা উচিত।
ভারত শাসিত কাশ্মীরের সীমান্তবর্তী একটি গ্রামের বাসিন্দারা গত সোমবার কবুতরটি আটক করে পুলিশে সোপর্দ করেন। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি চর সন্দেহে কবুতর আটক করার ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৫ সালের মে মাসে সীমান্তবর্তী একটি গ্রামের ১৪ বছর বয়সী এক বালক একটি সাদা কবুতর দেখে প্রশাসনকে জানিয়েছিল।
এছাড়া ২০১৬ সালের অক্টোবরে আরেকটি কবুতর আটক করা হয়েছিল। সেঈ কবুতরের পায়ে বাঁধা একটি কাগজে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে বার্তা লেখা ছিল।
আনন্দবাজার/ডব্লিউ এস








