পাট চাষ করে ভালো দাম পাওয়ায় খুশি সিরাজগঞ্জের তাড়াশের চাষিরা। চাষিরা জানায়, ভালো দাম এবং কৃষি বিভাগ থেকে সার্বিক সুযোগ-সুবিধা পেয়ে আরও বেড়েছে পাটের চাষ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, উপজেলায় এ বছর ২১০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এর মধ্যে দেশি ও তোষা জাতের পাট চাষ করা হয়েছে। তবে উচ্চ ফলনশীল তোষা জাতের পাট চাষ হয়েছে বেশি।
কৃষকরা জানায়, পাটের ফলন ভাল হলে প্রতিবিঘায় ১০-১২ মণ হয়ে থাকে এবং খারাপ হলে ৭-৮ মণের মতো হয়। গত কয়েক বছর আগে প্রতি মণ পাটের দাম ছিল ১২০০ থেকে ১৮০০ টাকা। এবছর প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকায়।
উপজেলার নওগাঁ গ্রামের কৃষক আব্দুল মজিদ ও জাহিদুল ইসলাম জানান, বিগত বছরের তুলনায় দাম ভালো পেয়েছি। ভালো দাম পেলে আগামীতেও পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার লুনা বলেন, এ বছর কৃষকেরা পাট চাষ করে ফলন ভাল পেয়েছেন। বাজারে পাটের দামও ভালো। কৃষি কার্যালয়ের পক্ষ থেকে কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।
আনন্দবাজার/টি এস পি








