বাংলাদেশ থেকে আম আমদানি করবে রাশিয়া। বুধবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষিমন্ত্রী মো.আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি এই আগ্রহের কথা জানান। পরে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন,রাশিয়ার সঙ্গে আমাদের অনেক দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। সেটা প্রায় দুই বিলিয়ন ডলারেরও বেশি। কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের জন্য রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, রাষ্ট্রদূত মনে করেন রাশিয়ায় আম রপ্তানির একটা বিরাট সুযোগ আছে। তিনি নতুন এসেছেন, এই কয়দিনে যে আম খেয়েছেন তা খুবই সুস্বাদু বলে জানান। রাশিয়ায় এটার বিরাট মার্কেট। বাংলাদেশ এটায় গুরুত্ব দিতে পারে, এটা নিয়ে কাজ করা উচিত।
কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া থেকে সার আমদানি করা হয়। একটি নতুন সার ডিএপিপি, এটা বাংলাদেশে ব্যবহার অনেক বেড়েছে। এটা আনার জন্য আলাপ করেছি। রাশিয়ার সঙ্গে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, সরকার-টু-সরকার। আমরা ভালো দামে রাশিয়া থেকে ডিএপিপি আনতে পারি কি-না। আগে আমরা ৭ লাখ টন ডিএপিপি ব্যবহার করতাম, কিন্তু সেটার চাহিদা বেড়ে এখন ১৪ লাখ টন হয়েছে। কাজেই এখানে আমাদের রাশিয়ার সঙ্গে ব্যবসা বাড়ানোর সুযোগ রয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ থেকে আলু রপ্তানি হতো রাশিয়ায়। কিন্তু একটা ব্যাকটেরিয়ার কারণে রাশিয়া সেখানে রেস্ট্রিকশন দিয়েছে। আমরা অনুরোধ করেছি,যাতে নতুন করে আলু রপ্তানি শুরু করা যায়।
আনন্দবাজার/শহক








