কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, প্রযোজক স্বামী নিসপাল সিং রানে, সুপারস্টার বাবা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিক করোনা আক্রান্ত হয়েছেন। এই খবর কোয়েল নিজেই টুইট করে প্রকাশ করেন। যা চিন্তায় ফেলেছে গোটা টলিউডকে। এই খবর প্রকাশ হওয়ার পর সবার একটাই প্রশ্ন, কোয়েলের সদ্যজাত সন্তান ভাল আছে তো?
কোয়েলের স্বামী নিসপাল সিং রানে এই প্রশ্নের জবাব দিয়েছেন। সবাইকে আশ্বস্ত করে সুরিন্দর ফিল্মসের কর্ণধার বলেন, আমি, কোয়েল এবং শ্বশুর-শাশুড়িরসহ মোট চারজনের করোনা রিপোর্ট পজিটিভ আসলেও আমাদের শিশু সন্তান সুস্থ আছে। ওর রিপোর্ট নেগেটিভ এসেছে। এই মুহূর্তে আমাদের শিশু সন্তান আমার মা-বাবার কাছে আছে। আমাদের দুই পরিবারের সবারই করোনা টেস্ট করানো হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়েল ও তার স্বামী বর্তমানে তাদের বালিগঞ্জের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।
কিংবদন্তি তারকা রঞ্জিত মল্লিক বলেন, ‘এটা লুকোচুরির বিষয় নয়। মানুষের সচেতন হওয়া দরকার, তাই আমরাও বিষয়টা সকলকে জানিয়েছি। আমি এবং স্ত্রী গলফ ক্লাব রোডের বাড়িতে রয়েছি। কোয়েল আর নিসপাল রয়েছে বালিগঞ্জের বাড়িতে। তবে ওদের সন্তান সুস্থ রয়েছে। আশাকরি সবাই সুস্থ হয়ে যাবে।’
আনন্দবাজার/এস.কে








