করোনার সম্ভাব্য ভ্যাকসিনের ২০ লাখ ডোজ প্রস্তুত করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাকসিনটি কার্যকর প্রমাণিত হওয়ার সাথে সাথেই এর ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা খুবই চমৎকার কাজ করছি। আমার মনে হয় আমরা কিছু ইতিবাচক চমক ও প্রতিষেধক পেতে চলেছি। আমরা পরিবহন ও সরবরাহে যেতেও প্রস্তুত। আমাদের ২০ লাখেরও বেশি ডোজ তৈরি আছে।’
তবে ২০ লাখ ডোজ প্রস্তুতের বিষয়ে ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টা ডা. অ্যান্থনি ফওসির কাছেজানতে চাইলে জানান, তিনি নাকি প্রেসিডেন্টকে এ কথাটি বলতে শোনেননি। যার সত্যতা নিয়ে কিছুটা সন্দেহ দেখা দিয়েছে।
সম্প্রতি করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে মার্কিন প্রশাসন। তবে ২০ লাখ ডোজ কোন প্রতিষ্ঠানটি তৈরি করেছে সেটি জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রে করোনা নিয়ন্ত্রণের অন্যতম প্রধান কর্মকর্তা ডা. ফওসি জানিয়েছিলেন, অন্তত চারটি ভ্যাকসিন ট্রায়ালের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০২১ সালের শুরুর দিকেই করোনার ভ্যাকসিন তৈরি যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। সূত্র: সিএনবিসি, এমএসএন
আনন্দবাজার/রনি







