ব্যবসায়ীদের কর ফাঁকি ঠেকাতে ব্যাংক লেনদেন খাতে নজর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রাথমিকভাবে অপেক্ষাকৃত বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর বিগত পাঁচ বছরের ব্যাংক হিসাব সংগ্রহ করে তা নিরীক্ষার উদ্যোগ নিয়েছে এনবিআর কতৃপক্ষ।
সম্প্রতি এনবিআরের আওতায় থাকা ভ্যাট গোয়েন্দা বিভাগ থেকে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে বছরে ১০০ কোটি টাকার ওপরে লেনদেন ছিল এমন ব্যবসাপ্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য চেয়েছে।
এসকল তথ্যের ভিত্তিতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ভ্যাট নিবন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। বিআইএনধারী প্রতিষ্ঠানগুলোর এনবিআরে জমা দেওয়া হিসাব বিবরণী নীরিক্ষা করা হবে। একই সাথে প্রতিষ্ঠান কিংবা মালিকের কর প্রদানের সঙ্গে এসব লেনদেনের পরিসংখ্যান সাযুজ্যপূর্ণ কি না, তা-ও পরীক্ষা করা হবে।
পর্যায়ক্রমে শতকোটি টাকার নিচে লেনদেন হওয়া ব্যবসায়ের তথ্যও নেওয়ার পরিকল্পনা রয়েছে এনবিআরের। এর ফলে অনেক প্রতিষ্ঠানেরই ভ্যাট ফাঁকি বের হয়ে আসবে বলে মনে করছেন কর্মকর্তারা।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, সরকার যে পরিমাণ ভ্যাট পাওয়ার কথা, প্রকৃতপক্ষে তা আসছে না। এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে, যাদের শতকোটি টাকার লেনদেন থাকলেও প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নম্বরই নেই। ব্যাংক হিসাব যাচাইয়ের ফলে এ ধরনের অনেক প্রতিষ্ঠানের ফাঁকির তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন তারা।
আনন্দবাজার/তা.তা








