ভারতের মুম্বাইয়ে এক বিল্ডারের বাড়িতে ডাকাতি হওয়ার পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তেই উঠে আসে বিল্ডারের স্ত্রীর (৪৯) নাম। জানা যায়, পুলিশকে ওই বিল্ডার অভিযোগ করেন যে, ডাকাত তার বাড়ির দরজা ভেঙে গয়না এবং টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।
এর দুইদিন পূর্বে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান তিনি। হাসপাতালের কাছেই থাকেন তাদের এক আত্মীয়। তার বাড়িতে স্ত্রীকে রেখে আসেন তিনি। পরদিন আবার হাসপাতালে যান। সেখান থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেন বিল্ডার। স্ত্রী দরজা খুলতেই দেখেন, গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে রয়েছে। আলমারি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে পালিয়েছে ডাকাত দল। তারপর পুলিশে অভিযোগ করেন এ দম্পতি।
সিসিটিভি ফুটেজ দেখে, স্থানীয় এবং প্রতিবেশীদের সাথে কথা বলে পুলিশ। তবে কোন সুরাহা করতে পারেনি তারা। পরে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করলে কথাবার্তায় অনেক অসঙ্গতি ধরা পড়ে। সন্দেহ হওয়ায় বারবার জেরা শুরু করে পুলিশ। পুলিশের চাপে আসল ঘটনার কথা স্বীকার করে নেন ওই নারী। ঋণ শোধ করার জন্যই নিজের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশকে জানান তিনি।
সিনিয়র ইন্সপেক্টর জানান, এই ঘটনার পিছনে স্ত্রীর হাত থাকলেও কিছুই বুঝতে পারেননি তার বিল্ডার স্বামী। এই বিল্ডার পুলিশকে জানান, স্ত্রী যে এমন ঘটনায় জড়িয়ে আছেন, তা বুঝতে পারেননি। কিন্তু ঘটনার সাথে তার স্ত্রী জড়িত তা জানার পরই তিনি তদন্ত করাতে চাননি। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
আনন্দবাজার/এফআইবি








