বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ এখনও কাটেনি ভারতের বিনোদন দুনিয়ায়। এরই মধ্যে আত্নহত্যা করলেন ৩০ বছর বয়সী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা সুশীল গৌড়া।
জানা যায়, গতকাল বুধবার কর্নাটকের মান্ড্য জেলায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। তবে কি কারণে আত্নহত্যা করেছেন তিনি, তা জানা যায়নি এখনও।
কন্নড় ভাষায় বহু ছবিতে অভিনয় করেছেন সুশীল গৌড়া। টেলিভিশনেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। কন্নড় টেলিভিশনে ‘অন্তঃপুরা’ নামের একটি ধারাবাহিকে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছিলেন সুশীল। তিনি ফিটনেস ট্রেনার হিসেবেও বিখ্যাত ছিলেন। কয়েক দিন পরই মুক্তি পাওয়ার কথা ছিল দুনিয়া বিজয়ের পরিচালনায় সুশীলের নতুন ছবি ‘সালাগা’।
দুনিয়া বিজয় লিখেছেন, ওকে অনেক আগে প্রথম দেখেই আমার মনে হয়েছিল, একদিন ও ঠিক হিরো হবে। কিন্তু আমার ছবি মুক্তির আগেই ও চলে গেল।
সুশীলের এক সহ-অভিনেতা ধনঞ্জয় লিখেছেন, সুশীল, জানি না, তোমার মধ্যে কী চলছিল, কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ছিল। তুমি আর একটু অপেক্ষা করতে পারতে সুদিনের জন্য।
আনন্দবাজার/টি এস পি








