বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে। এতে বিপাকে পড়েছে বিশ্বের দরিদ্র দেশগুলো। এবার দরিদ্র দেশগুলোর পাশে দাঁড়িয়েছে গ্রুপ অব টোয়েন্টি (জি২০)। দরিদ্র দেশগুলোকে আগামী এক বছর ঋণ পরিশোধের জন্য চাপ দেয়া হবে না বলে জানিয়েছে জি২০।
বুধবার জি২০ দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল মিটিং শেষে এক বিবৃতিতে জানানো হয়, জি২০ দেশগুলোর সব দ্বিপক্ষীয় ঋণদাতাই এ সিদ্ধান্ত মেনে চলবে।
সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এ সিদ্ধান্তের অর্থ হলো, দরিদ্র দেশগুলোকে আগামী ১২ মাস ঋণ পরিশোধ নিয়ে চিন্তা করতে হবে না। বরং যে পরিমাণ অর্থ তাদের পরিশোধ করতে হতো, তা দিয়ে জরুরি নগদ তহবিল গঠন করতে পারবে তারা। সম্মিলিতভাবে এর পরিমাণ প্রায় ২ হাজার কোটি ডলার। দরিদ্র দেশগুলো এ অর্থ তাদের স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারবে এবং কভিড-১৯ রোগের বিরুদ্ধে যুদ্ধরত মানুষগুলোকে সহায়তা দিতে পারবে। এছাড়া জি২০ মহামারীটি মোকাবেলায় ভবিষ্যতে আরো সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক উন্নত দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, এই সংকটময় পরিস্থিতিতে তারা যেন দেশগুলোর ঋণ মওকুফ পদক্ষেপ গ্রহণ করেন। মঙ্গলবার গ্রুপ অব সেভেনের (জি৭) অর্থমন্ত্রীরা এ আহ্বানে সাড়া দেওয়ার পর একদিনের ব্যবধানে, বুধবার জি২০ দেশগুলোও একই ধরনের সিদ্ধান্তে উপনিত হয়েছে।
আনন্দবাজার/ টি এস পি








