টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বর্তমান সরকার শিল্প-কারখানায় জিরো অ্যাকসিডেন্ট ও জিরো পলিউশন নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় থেকে প্রকাশিত ‘বয়লার ব্যবহার ও পরিদর্শন সহায়িকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শিল্পমন্ত্রী বলেন, এ লক্ষ্যে সরকার বয়লারের নিরাপদ ব্যবহার ও সংরক্ষণের মাধ্যমে শিল্প দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। দেশে ক্রমবর্ধমান শিল্পায়নের প্রেক্ষাপটে ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনবল বৃদ্ধি করা হয়েছে।
শিল্প দুর্ঘটনা প্রতিরোধে গ্রন্থটির গুরুত্ব তুলে ধরে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, পুস্তিকাটিতে বয়লার পরিচালনা ও পরিদর্শন সংক্রান্ত যাবতীয় তথ্য অত্যন্ত সহজভাবে তুলে ধরা হয়েছে। এটি বয়লার সংরক্ষণে কার্যকর গাইডলাইন হিসেবে বিবেচিত হবে এবং আগামী দিনে বয়লার দুর্ঘটনা প্রতিরোধে অবদান রাখবে।
শিল্প সচিব কেএম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/ডব্লিউ এস








