করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশের সড়কপথে বাণিজ্য। ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন থাকলেও, অনুমতি ছিল না পশ্চিমবঙ্গ সরকারের। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের অনুমতির অপেক্ষা না করেই সড়কপথে স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য সামগ্রী পাঠালো বাংলাদেশে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মালদা জেলার মহদিপুর সীমান্ত দিয়ে ৮৬টি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করে।
মহদিপুরের এক ব্যবসায়ী বলেন, অনেক কাঠ-খড় পুড়িয়ে আবার এই স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হলো। যদিও ভারত সরকার স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের অনুমতি দিয়েছে ২৪ এপ্রিল। তবে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে অনুমতি না পাওয়ায় রফতানিকারকরা বাংলাদেশে কোনো সামগ্রী পাঠাতে পারেনি।
জানা যায়, ভারত সরকার বারবার চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য শুরুর অনুমতি দেয়ার অনুরোধ করে। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গে ভারতের একজন ব্যবসায়ী বলেন, বাংলাদেশ থেকে আমদানিকারক সংস্থাগুলো আমাদের বারবার বলছিলেন রফতানি শুরু করতে। অনেক অপেক্ষার পরে আমরা সিদ্ধান্ত নেই বাংলাদেশে সামগ্রী পাঠাব। কারণ ভারত সরকারের অনুমোদন রয়েছে। আর কাস্টমস এবং বিএসএফ আমাদের সহযোগিতার আশ্বাস দিলেন। তাই আমরা রাজ্য সরকারের অনুমতির অপেক্ষা না করেই ট্রাক পাঠানো শুরু করলাম।
আনন্দবাজার/টি এস পি








