করোনা ভাইরাস মোকাবিলায় গোটা বলিউড যখন নিজ নিজ সামর্থ অনুযায়ী দান করছে তখন বলিউড কিং শাহরুখ খান কেন চুপ? এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিল কিং খান। তবে এবার খুব ভালোভাবেই সব সমালোচনার জবাব দিলেন শাহরুখ।
বলিউডে কিং খান খ্যাত শাহরুখ খান তার ক্রিকেট টিম নাইট রাইডার্স ও প্রযোজনা সংস্থা রেড চিলিজের হয়ে প্রধানমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আর বাংলার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছেন মোটা অঙ্কের টাকা। এছাড়া শাহরুখের ‘মীর ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ আর মহারাষ্ট্রের হাসপাতালগুলোতে ৫০ হাজার পিপিই কিট দিচ্ছেন। এছাড়া আগামী দিনগুলোতে বাংলা ও মহারাষ্টের হাসপাতালগুলোতে যাতে ভেন্টিলেটরের আকাল না হয় সেজন্য আরও অর্থ সাহায্যের ব্যবস্থা করেছেন তিনি।
এছাড়া মুম্বাই পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে তার সংস্থা রোজ ৩ লাখ খাবারের প্যাকেট বিলি করবে ভবঘুরে আর ভিক্ষুকদের মধ্যে। যাতে রাতে অভুক্ত থেকে যেন কাউকে ঘুমোতে যেতে না হয়। এছাড়া দিল্লির ২৫০০ দিন মজুরদের পরিবারগুলিতে প্রতি সপ্তাহে অন্তত আগামী ১ মাস বিনামূল্যে রেশন বিলি করার দায়িত্ব নিয়েছেন তিনি।
শুধু তাই নয়, 'এক সাথ’ নামের একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে মীর ফাউন্ডেশন করোনার জেরে বেকার হয়ে যাওয়া মুম্বাইয়ের প্রায় সাড়ে ৫ হাজার দিন আনি দিন খাই পরিবারকে রোজ দু বেলা খাওয়ানোর দায়িত্ব তুলে নিয়েছে। অন্তত একমাস খাদ্য সরবরাহ করা হবে তাঁদের। উপরন্তু ২ হাজার প্লেট খাবার রোজ পৌঁছে যাবে হাসপাতাল আর জরুরি পরিসেবার সঙ্গে যুক্ত মানুষদের কাছে। যার সমস্ত ব্যায়ভার বহন করবেন কিং খান নিজে।
আনন্দবাজার/ টি এস পি








