৩৩৩ নাম্বারে কল করলেই পৌঁছে যাবে ত্রাণ। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে আলোচনা করে একটি প্রক্রিয়া চালু করতে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
রোববার (১৯ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। এখন ৩৩৩ নম্বরে যেমন স্বাস্থ্য বিষয়ক বা করোনা বিষয়ক তথ্য পাওয়া যাচ্ছে, একইভাবে এই নম্বরটি আমাদের সাথে সংযুক্ত হবে। আমাদের সাথে সংযুক্ত করার মূল লক্ষ্য হলো- কেউ যদি ত্রাণ না পায়, সে আমাদের জানাবে, আমরা তার খাদ্যের ব্যবস্থা করব।
তিনি আরও জানান, গতকাল দেওয়া প্রধানমন্ত্রী নির্দেশে আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে মিটিংয়ে বসবো। মিটিংয়ে আইসিটির এক্সপার্ট ও আমাদের এক্সপার্টরা থাকবেন। তাদের গাইডলাইন দেয়া হবে যত দ্রুত সম্ভব এটা চালু করা হবে।
সম্পুর্ন কাজ শেষ হলে আমরা বিজ্ঞাপন দেব, যারা খাদ্য সংকটে রয়েছেন, যাদের খাদ্য সহায়তা প্রয়োজন তারা ৩৩৩ নম্বরে যোগাযোগ করুন। যে কোনো জায়গা থেকে যে কেউ ফোন করতে পারবেন।
আনন্দবাজার/তা.তা








