- এপিআইভিত্তিক ব্যাংকিংয়ের আহ্বান ফিনটেকের
অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে বিভিন্ন ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠান। গ্রাহকদের আরো বিস্তৃত পরিসরে ব্যাংকিং পরিষেবায় অন্তর্ভুক্ত করতে এ আহবান জানানো হয়।
সম্প্রতি বেসিসের ফিনটেকভিত্তিক স্ট্যান্ডিং কমিটি এ বৈঠকের আয়োজন করা হয়। এতে দেশের ২০টি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ৩০টি ফিনটেক প্রতিষ্ঠানের উদ্যোক্তারা এতে অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম। বিশেষ অতিথি ছিলেন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম হোসেন।
উন্মুক্ত ও এপিআই-ভিত্তিক ব্যাংকিং হচ্ছে এমন একটি পদ্ধতি বা ধারণা, যেটি বর্তমানে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোয় বেশ জনপ্রিয়। এটি প্রচলিত ব্যাংকিং কার্যক্রমের যে ব্যয় সেটি অনেকাংশেই কমাতে সক্ষম। উন্মুক্ত ব্যাংকিং সিস্টেমে ট্র্যাডিশনাল বা পুরনো ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অন্যান্য ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে পারে। এর মাধ্যমে উদ্ভাবনী আর্থিক পরিষেবা আরো সহজে ও কম খরচে সবার মাঝে ছড়িয়ে দেয়া যাবে।
গ্রাহকদের অনুমতির পরিপ্রেক্ষিতে এবং তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতে ব্যাংকগুলোর কর্মকর্তা ও ফিনটেক প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটি সহযোগিতামূলক গাইডলাইন চালুর আহবান জানিয়েছে।
বৈঠকের বলা হয়, আর্থিক লেনদেনের তথ্যের মালিক শুধু গ্রাহক। ব্যাংক অথবা মোবাইলে আর্থিক লেনদেন পরিষেবা প্রতিষ্ঠানগুলো শুধু তথ্যের রক্ষক। যদি কোনো ব্যবহারকারী কোনো প্রকার লোন বা আর্থিক পরিষেবা গ্রহণে তৃতীয় কোনো প্রতিষ্ঠানের কাছে তথ্য শেয়ার করতে চায় তাহলে দায়িত্বে থাকা ব্যাংকগুলোকে তথ্য সরবরাহের ব্যবস্থা করতে হবে।
বৈঠকের প্রধান অতিথি মো. খুরশীদ আলম উন্মুক্ত ব্যাংকিং পরিষেবা চালুতে নির্দিষ্ট নীতিমালা ও সার্বিক সহায়তা প্রদানের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন কোনো ফিনটেক প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম শুরু করতে চায় তাহলে কেন্দ্রীয় ব্যাংক তাদের সহায়তা করবে। এছাড়া তিনি ব্যাংকগুলোকে ফিনটেক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরো বেশি কাজ করার উপদেশ দেন।
বৈঠকে ব্র্যাক, ইউসিবি, এইচএসবিসি, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংকের পাশাপাশি বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইলে আর্থিক লেনদেন পরিষেবা প্লাটফর্মের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ফাহিম আহমেদসহ বেসিসের সদস্যপদ পাওয়া ৩০টি প্রতিষ্ঠানের সদস্যরাও বৈঠকে অংশ নেন।








