ঢাকার অদূরে হরিপুর, সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গড়ে উঠছে। এ এলাকায় গড়ে উঠছে বিদ্যুৎ কেন্দ্র, শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক গ্রাহক ও বেশ কিছু অর্থনৈতিক অঞ্চল। সেজন্য এ এলাকায় বিদ্যুৎ-গ্যাসের চাহিদা মেটাতে নতুন গ্যাস পাইপলাইন নির্মাণ করবে সরকার।
কুমিল্লা জেলার মুরাদনগর বাখরাবাদ গ্যাসক্ষেত্র থেকে নারায়ণঞ্জের নিউ হরিপুর পাওয়ার প্লান্ট পর্যন্ত ৪২ ইঞ্চি ব্যাসের ৫০ কিলোমিটার দীর্ঘ নতুন গ্যাস পাইপলাইন স্থাপন করা হবে।
জানা গেছে, বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের আওতায় এ কাজ সম্পন্ন করা হবে। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৪২ কোটি ৪৭ লাখ টাকা। চলতি সময় থেকে ডিসেম্বর ২২ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এই পাইপলাইনের দৈনিক সঞ্চালন ক্ষমতা এক হাজার মিলিয়ন কিউবিক ফিট।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, মেঘনাঘাট পাওয়ার হাব এলাকায় বেসরকারি খাতে নির্মিত ৭৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র, ৫৮৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং ৫৮৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ মোট চারটি বিদ্যুৎ কেন্দ্রে প্রায় ৪০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-প্রধান ড. মো. রফিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা এলাকায় অনেক উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এই অঞ্চলে অর্থনৈতিক অঞ্চলসহ কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনসহ অর্থনৈতিক অঞ্চলে গ্যাসের প্রয়োজন মেটাতে ৫০ কিলোমিটার নতুন গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ করা হচ্ছে।
আনন্দবাজার/ টি এস পি








