অক্টোবরে ১৬৭ বাগানে এক কোটি ৪৫ লাখ কেজি এক কোটি কেজি বেশি উৎপাদন
দেশের অন্যতম সম্ভবনাময়খাত চা। গত অক্টোবরে চা উৎপাদনে বাংলাদেশ অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। গত মাসে দেশের ১৬৭টি চা বাগানে এক কোটি ৪৫ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের প্রথম ১০ মাসে দেশে ৭ কোটি ৯৩ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। গত বছর একই সময় ৬ কোটি ৮৯ লাখ কেজি চা উৎপাদিত হয়। সেই হিসাবে গত বছরের তুলনায় চা উৎপাদন এক কোটি কেজি বেশি হয়েছে।
চা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনূকুল আবহাওয়া, সরকারের আর্থিক প্রণোদনা, বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ডের নিয়মিত তদারকি, বাগানমালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টায় দেশে এক মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে বলে চা বোর্ড জানিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম জানান, অক্টোবর মাসে রেকর্ড উৎপাদন চা শিল্পের জন্য একটি ইতিবাচক ঘটনা।
কোভিড পরিস্থিতিতেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সব চা-বাগানের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ ছাড়া চা-শিল্পের জন্য বাগানগুলোকে ১২০ কোটি টাকা আর্থিক প্রণোদনা বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে চা নিলাম কেন্দ্র চালু রাখা, চা রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, চা-শ্রমিকদের নির্ধারিত সময়ে মজুরি পরিশোধ, রেশন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের ফলে এ বছর চায়ের উৎপাদন অনেক ভালো হয়েছে।
এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নিবার্হী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর আনন্দবাজারকে বলেন, চা দেশের অন্যতম সম্ভবনাময় খাত। এইখাতে যথাযথ সরকারি সহায়তা দেয়া হলে চা উৎপাদন বাড়ানো সম্ভব।
আনন্দবাজার/শহক








