রাজধানীর গুলশানে জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে শুনানি শেষে আগামী ৬ মে নতুন দিন ধার্য করা হয়।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান।তিনি বলেছেন,আজ চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আদালতের ব্যস্ততার কারণে শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।
এর আগে গত বছরের ১৫ এপ্রিল দুদক তাদের বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে তদন্ত শেষে চলতি বছরের ১১ ডিসেম্বর দণ্ডবিধিসহ দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় চার্জশিট দাখিল করা হয়।









