জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্যকে ‘হতভাগা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।
চিফ প্রসিকিউটর বলেন, বেরোবির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদ ওরফে বাচ্চুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া একই মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামসহ মোট ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আপাতত এ রায়ে তারা সন্তুষ্ট। তবে পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর তা বিশ্লেষণ করে আপিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, এই মামলায় কাউকেই খালাস দেওয়া হয়নি।









