ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে ৭৯ বছর বয়সি ট্রাম্পকে ম্যারিল্যান্ডের ‘ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হয়েছে। তবে হোয়াইট হাউস এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানিয়েছে।
শনিবার (৪ এপ্রিল) ট্রাম্পের দৈনন্দিন সূচিতে কেবল ‘এক্সিকিউটিভ টাইম’ রাখা হয়েছিল। এরপর হোয়াইট হাউস ‘লিড’ ঘোষণা করে, যার মানে প্রেসিডেন্ট জনসম্মুখে উপস্থিত হবেন না। এর ফলে সাংবাদিক এড ক্রাসেনস্টাইনের একটি পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং হাসপাতালের জল্পনা ছড়িয়ে পড়ে।
হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স টিম জানায়, “ভয় পাবেন না! প্রেসিডেন্ট ট্রাম্প আক্ষরিক অর্থেই এক মুহূর্তের জন্য কাজ থামান না।” যোগাযোগ পরিচালক স্টিভেন চুং বলেন, ট্রাম্প ইস্টার ছুটিতেও ওভাল অফিসে বিরতিহীনভাবে কাজ করছেন এবং ওয়েস্ট উইংয়ের মেরিন সেন্ট্রির উপস্থিতি নিশ্চিত করছে যে তিনি ভবনের ভেতরেই আছেন।
বিভিন্ন সংবাদমাধ্যম ও ফ্যাক্ট-চেকার হাসপাতালের সামনে কোনো অতিরিক্ত নিরাপত্তা বা গাড়িবহর দেখতে পাননি, ফলে হাসপাতালে ভর্তির দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবে ট্রাম্পের বয়সজনিত কারণে তার স্বাস্থ্য নিয়ে জনমনে ক্রমশ কৌতূহল রয়েছে।


