ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে রোববার তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তবে রেদোয়ান লিঙ্গ পরিবর্তনের বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি ছেলে থেকে মেয়ে হননি; বরং নারী সেজে টিকটক ভিডিও তৈরি করতেন এবং এ জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।
রেদোয়ান ‘রিহিয়া রিহি’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন, যেখানে তিনি নারী বেশে বিভিন্ন স্টাইলে ছবি ও রিলস প্রকাশ করতেন। এসব কনটেন্ট দেখে তাকে নারী নয়—এটি বোঝা কঠিন বলে জানা গেছে। পেজটির অনুসারী সংখ্যা ২৫ হাজারেরও বেশি।
এদিকে, ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রোববার নিজের পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আপনারা অনেকেই আমার গত কিছু ভিডিওর কারণে কষ্ট পেয়েছেন, আমি অনেকের মনে কষ্ট দিয়ে ফেলেছি, আপনারা বিভিন্নভাবে মেসেজ, কল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। আসলে আমি এগুলো মজার ছলে, বিনোদনের উদ্দেশে তৈরি করেছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে এখন থেকে রাস্তায়, অথবা অন্য কোথাও দেখলে খারাপ কথা বলবেন না, নিজের ভাইয়ের মতো আচরণ করলে, আমার স্বাভাবিক জীবনে ফিরতে সহজ হবে। আবারও আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।”


