ঈদের ছুটিতে উৎসবের আমেজ ছাপিয়ে মানুষের সেবায় ব্যস্ত সময় পার করছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জানা যায়, নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ আসনের পৈত্রিক নিবাস নবাবগঞ্জের মতিহারা গ্রামে অবস্থান করে সাধারণ ও দুস্থ রোগীদের বিরতিহীনভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি।
আজ সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই মন্ত্রীর পৈত্রিক বাড়ির সামনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর থেকে আসা শত শত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতা ও চিকিৎসককে শারীরিক সমস্যার কথা জানাচ্ছেন।
রোগীদের মধ্যে সাধারণ সর্দি-কাশি থেকে শুরু করে ক্যান্সার, হৃদরোগ, নিউরো ও ইউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত জটিল রোগীরাও রয়েছেন।
এর আগে রবিবার (২২ মার্চ) সন্ধ্যা থেকে শুরু করে টানা রাত ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে রোগী দেখেন ডা. জাহিদ। এরপর সোমবার সকাল ১০টা থেকে আবারও বাড়ির আঙিনায় রোগীদের চিকিৎসাপত্র দিতে বসেন তিনি।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গ্রামের এই সহজ-সরল মানুষগুলোর চিকিৎসাসেবা দিতে পেরে আমার অন্যরকম ভালোলাগা কাজ করছে। গতকাল গভীর রাত পর্যন্ত রোগী দেখেছি, আজ সকালেও বসেছি। রোগীরা তাদের সমস্যার কথা বলছেন, আমি তাদের প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার দিকনির্দেশনা দিচ্ছি।
মন্ত্রী জানান, ঈদের দিন রাষ্ট্রীয় কর্মসূচিতে তিনি ঢাকায় ছিলেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি গ্রামের উদ্দেশে রওনা হন। সোমবার রাত পর্যন্ত সেবা প্রদান শেষে পুনরায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক জাহিদ হোসেন।








