নাটোরের বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধা ভাতা পেতে কাগজে কলমে মৃত মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ২০১৮ সাল থেকে ভাতা উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে ভাতিজা বাবলু হোসেনের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, ভাতার লোভে নিজের বাবাকে বাদ দিয়ে মায়ের নাম ঠিক রেখে মৃত চাচাকে বাবা বানিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে আসছে। সোনালী ব্যাংক বাগাতিপাড়া শাখা থেকে নিয়মিত মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করতেন বাবলু হোসেন (৩৯)।
বাবার নাম তৈয়ব আলী ভুল করে দিয়ে ফেলেন। পরে পালক ছেলের বিষয়টি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারদের সঙ্গে কথা বলে তাদের সহায়তায় নাম তৈয়ব আলীর পরিবর্তে আয়ুব আলী শেখ করেন।
বাগাতিপাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান জানান, বাবলু হোসেনের বিষয়টি তিনি জানতে পেরেছেন। বাবলু হোসেন জাতীয় পরিচয়পত্র যখন সংশোধন করেন সেই সময় আজাদ হোসেন উপজেলা ডেপুটি কমান্ডারের দায়িত্বে ছিলেন। তিনিই সেই সময় বাবলু হোসেনের কাগজপত্র সংশোধনে সাহায্য করেন। (সাবেক ডেপুটি কমান্ডার) আজাদ হোসেন আর মুক্তিযোদ্ধা নেই। ২০১৯ সালে তার নামের গেজেট বাতিল হয় এবং ২০২৩ সালে তার ভাতা বন্ধ হয়ে যায়।
আজাদ হোসেনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তার শরীর খারাপ, কথা বলতে পারছেন না। আর সেই সময় তিনি দায়িত্বে ছিলেন না।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল বলেন, এ বিষয়ে তিনি অবগত না। কাগজপত্র দেখে পরবর্তীতে ব্যবস্থা নেবেন।









