করোনাভাইরাসের কারণে সংকটময় পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদেরও খাদ্য সহায়তা আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বুধবার রাজধানীর মিরপুর ১০-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে করোনা পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সহায়তা বিতরণকালে এ কথা বলেন তিনি।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে, সরকারের পক্ষ হতে দেশের সর্বত্র মানবিক খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক কার্যক্রম বেগবান করতে সব শ্রেণির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ঘোষিত বিশাল অংকের প্রণোদনা প্যকেজ বাস্তবায়নের কাজ চলছে। দেশের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিন বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। সরকারের কর্মতৎপরতার ফলে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা অনুসরণ করে যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ব্যক্তিগতভাবে দুইশ পরিবারের প্রত্যককে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক পিস হ্যান্ড স্যনিটাইজার ও এক পিস সাবান বিতরণ করেন।
আনন্দবাজার/ টি এস পি









