রাজধানীর সদরঘাটে মিরাজ-৬ লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডোবার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটেছে। জানা যায়, ডুবে যাওয়া নৌকায় থাকা ছয় যাত্রীর মধ্যে পাঁচজন তীরে উঠতে পেরেছে। তবে নিখোঁজ রয়েছে একজন যাত্রী। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, রোববার দুপুর ২টা ২৫ মিনিটে খবরটি পায় ফায়ার সার্ভিস। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আমাদের একটি ডুবুরি দল সেখানে পাঠানো হয়। নিখোঁজ যাত্রীর সন্ধানে ডুবুরি দল কাজ করছে। সেখানে সহযোগিতা করছে নৌ-পুলিশের টহল দল।
জানা যায়, এখন পর্যন্ত ওই যাত্রীর সন্ধান মেলেনি। এবং প্রাথমিকভাবে নিখোঁজ যাত্রীর নামও জানা যায়নি।
আনন্দবাজার/টি এস পি









