সারাদেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়ে ছিল। তবে ৯টায় তা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে ৩ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও কুয়াশার চাদর ভেদ করে উঠেছে সূর্য। যার ফলে খড়কুটার আগুন ছেড়ে সূর্যের উত্তাপ নিতে ব্যাস্ত হয়ে বসছে সেখানকার সাধারণ মানুষ।
আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, সারাদেশে তাপমাত্রা সামান্য পরিমান বৃদ্ধি পেয়েছে। এতে করে শীতের প্রবাহ কিছুটা কমেছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গতকাল রবিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল
তিনি বলেন, সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এছাড়াও খুলনা, কুষ্টিয়া ও ময়মনসিংহ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পরে। তবে নতুন বছরের শুরুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় শীতের প্রকোপ আরও বৃদ্ধি পাওয়ার সম্বাবনা রয়েছে।
গত একমাস ধরে পঞ্চগড় জেলার তাপমাত্রা উঠানামা করছে। বেশ কয়েকদিন ধরে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও এ জেলায় রেকর্ড করা হয়েছে। হিমালয়ের হিম বাতাসের সঙ্গে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার জন্য উত্তরের এই জেলাটির সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। হাড় কাঁপানো ঠান্ডায় প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছে না অনেকেই। তবে তীব্র এই শীতকে উপেক্ষা করে যারা জীবিকার তাগিদে বের হচ্ছে তারাও কাজ করতে হিমশিম খাচ্ছে।
আনন্দবাজার/এ.কে








