পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ও চরতারাপুর ইউনিয়নের দুবলিয়ার কোলে (বিল) গেল বেশ কয়েক বছর ধরে শীতের শুরুতে পরিযায়ী পাখি আসছে। তবে স্থানীয় পাখি শিকারীরা বিষপ্রয়োগের মাধ্যমে এ পরিযায়ী পাখি নিধন করে চলছে। যা আইনত দন্ডনীয় অপরাধ। পাশাপাশি বিষ প্রয়োগে স্থানীয় এক নিরহ ব্যক্তির ৪২টি ডিম পাড়া হাঁস বিষপ্রয়োগে নিধন করা হয়েছে।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, পরিযায়ী বেলে হাঁসসহ একজন স্থানীয় হাঁসচাষির ৪২টি ডাকহাঁস বিষপ্রয়োগ নিধন করেছেন কাচিপাড়া গ্রামের নাদের মোল্লার ছেলে বেলাল মোল্লা (৩৮)।
নাম প্রকাশে অনিচ্ছুক কাচিপাড়া গ্রামের একজন হাঁসচাষি জানান, বেলাল মোল্লা বিষ প্রয়োগ করে শুকুর প্রামানিকের অসংখ্য পোষাহাঁস মেরে ফেলেছে। এছাড়া অসংখ্য পাখিও তার দেওয়া বিষ খেয়ে মারা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী শুকুর প্রামানিকের সঙ্গে দেখা হলে কিছু জিজ্ঞাসা করতেই কেঁদে উঠেন। তিনি জানান, বেলাল মোল্লা আমার ডিম পাড়া ৪২টি হাঁস বিষ খাইয়ে মারি ফেলছে। আমি কার কাছে বিচার চাইবো। আমার কেউ নাই। আমি গ্রাম প্রধানদের বলেছি। তারা বলছে থানায় মামলা দিতে। আমার টাকা পয়সা নেই। মামলা কেমনে দিবো।
অভিযোগের বিষয়ে বেলাল মোল্লার বড় ভাই হেলাল মোল্লা দাম্ভিকতার সঙ্গে বলেন, পাখি মেরেছে তাতে আপনাদের কী। ঝামেলা না করে এখান থেকে কেটে পড়ুন।
আনন্দবাজার/এম.আর









