সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় করোনারে কারণে কর্মহীন হয়ে পড়া সারাদেশের ৯ হাজার ৬০০ জন অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মাঝে এ পর্যন্ত চার কোটি ৬৬ লাখ টাকার বিশেষ অনুদান দিয়েছে। বুধবার সচিবালয়ের নিজ দফতরে এই তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী জানান, শিল্পকলা একাডেমির মাধ্যমে ১ম কিস্তিতে ৬৪ জেলার ৩ হাজার ২০০ জন সংস্কৃতিকর্মীদের এক কোটি ৬০ লাখ টাকা ও ২য় কিস্তিতে ৩ হাজার ৪০ জন সংস্কৃতিকর্মীদের এক কোটি ৫২ লাখ টাকা বিতরণ করা হয়।
তাছাড়াও শিল্পকলা একাডেমির মাধ্যমে ঢাকা মহানগরীর সংস্কৃতিকর্মীদের মাঝে ১ম কিস্তিতে এক হাজার ৩৩৯ জনকে ৬৬ লাখ ৯৫ হাজার টাকা এবং ১ হাজার জনকে ৫০ লাখ টাকা বিতরণ করা হয় ২য় কিস্তিতে।
তিনি আরও জানান, বিভিন্ন সাংস্কৃতিক সংঘ, প্রতিষ্ঠান ও ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সরাসরি বিশেষ অনুদান দেয়া হয়েছে এক হাজার ২১ জন সংস্কৃতিকর্মীকে প্রায় ৩৭ লাখ টাকা।
আনন্দবাজার/এস.কে









