চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাওয়ার কথা আছে। নিবন্ধনের বাকি আছে আর মাত্র ৫ দিন।
গ্ত ১১ দিনে হজ গমনেচ্ছু ২৫ হাজার হজযাত্রী তাদের পাসপোর্ট জমা দিলেও করোনা আতঙ্কে সরকারি ব্যবস্থাপনায় মাত্র ৯৭৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে মাত্র ২ হাজার ৯১০ জনসহ সর্বমোট ৩ হাজার ৮৮৭ জন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, করোনা আতঙ্কে মানুষ নিবন্ধনের টাকা জমা না দিয়ে পরিস্থিতি দেখছেন। সম্প্রতি ধর্ম প্রতিমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে জানান, হজ গমনেচ্ছুরা দ্রুত নিবন্ধন না করলে পরবর্তীতে তাদের হজে গমন অনিশ্চিত হয়ে যাবে। কারণ হজ ব্যবস্থাপনার জন্য সৌদি আরবে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রস্তুতির জন্য কমপক্ষে দুই মাস সময় দরকার হয়। আগামী মাসেই রমজান শুরু হচ্ছে। জুনের তৃতীয় সপ্তাহ থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। তাই দ্রুত নিবন্ধন করা প্রয়োজন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ হজ গমনেচ্ছু মুসলমানদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে পুনরায় তাগিদ দিয়ে বলেণ, চীনে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বাংলাদেশেও মাত্র তিনজন রোগী পাওয়া গেছে। তারা সুস্থ আছেন। তিনি মানুষকে আতঙ্কিত না হয়ে নিবন্ধন দ্রুত করার অনুরোধ জানিয়ে বলেছেন, সময়মতো টাকা জমা না দিলে ও পরবর্তীতে অবস্থার উন্নতি হলে তখন ইচ্ছা করলেও একজন হজে যেতে পারবে না। কারণ একজন হাজির জন্য সৌদি আরবে বাড়িভাড়া, যানবাহন, মিনা, আরাফাহ ও মুজদালিফায় আগাম থাকা-খাওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য আগাম অর্থ পরিশোধও সেই দেশের মুয়াল্লিমের সঙ্গে চুক্তি করতে হয়।
আনন্দবাজার/তা.তা









