সহজ ভাষায়, কোনো দেশে মানুষের গড় আয়ু পূর্ণ করার আগেই যদি কেউ মারা যায়, সেটাকে অকালমৃত্যু বলে। আমাদের দেশে বর্তমানে নারীদের গড় আয়ু প্রায় ৭৭ বছর । তার আগে বিশেষ করে ১৫ থেকে ৪৯ বছর বয়সের মধ্যে কোনো নারীর মৃত্যু মানে সেটা অকালমৃত্যু। এই বয়সটা একজন নারীর জীবনের সবচেয়ে কাজের ও সৃষ্টিশীল সময়।
পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নারীদের অকালমৃত্যুর কারণগুলো একটু ভিন্ন। উন্নত বিশ্বে নারীদের অকালমৃত্যুর প্রধান কারণ ক্যানসার। আমাদের দেশেও ক্যানসার একটি বড় কারণ, কিন্তু তার সঙ্গে যোগ হয় মাতৃত্বকালীন জটিলতা, আত্মহত্যা আর হৃদ্রোগ।
গত কয়েক দশকে বাংলাদেশ মাতৃমৃত্যুর হার কমাতে সফল হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ের গবেষণা বলছে, ১৫-৪৯ বছর বয়সী নারীদের মৃত্যুর চিত্র পাল্টে যাচ্ছে। ২০১০ সালের এক জরিপে দেখা গেছে, এই বয়সী নারীদের মৃত্যুর ২১.৩ শতাংশের কারণ ছিল ক্যানসার, ১৬. ৪ শতাংশ হৃদ্রোগ, আর ১৪.৩ শতাংশ মাতৃত্বকালীন জটিলতা। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের মৃত্যুর ২২.১ শতাংশের কারণ আত্মহত্যা।
আমরা চোখের সামনে দেখেও হয়তো এটা বুঝতে পারছি না যে অকালমৃত্যুর পেছনে মূল কারণ হলো নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ও বৈষম্য।









